সামনেই ঈদুল আজহা। ঈদকে ঘিরে সবারই নানা রকমের পরিকল্পনা থাকে। একেকজন একেক জায়গায় ঈদ করতে পছন্দ করেন। তারকারাও তার ব্যতিক্রম নন। শোবিজের তারকারা এবার কে কোথায় ঈদ করবেন- তা এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।
সোহেল রানা: পরিবারের সঙ্গে ঈদ করতে সব সময়ই পছন্দ করি। ঈদটা ঢাকাতেই করা হয়। আগের মতো ঘুরে বেড়ানোটা না হলেও বাসায় অনেক মেহমান আসেন। তাদের সঙ্গে কুশল বিনিময় করতে খুব ভালো লাগে।
রুনা লায়লা: ঈদে বাসায় থাকতেই ভালো লাগে। মেহমানদের আপ্যায়ন করাতে ভালো লাগে। ঢাকাতেই এবার ঈদ করবো। পরিবার ও স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ আসলে অন্যরকম।
ববিতা: এবার ঈদ ঢাকায় করবো। আমার ছেলে কানাডাতে থাকে। ওকে মিস করবো। তবে আমাদের কথা হবে ভিডিও কলে। আশা করছি পরিবারের সঙ্গে ভালোভাবেই ঈদ কাটবে।
খুরশীদ আলম: ঈদ মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। ঈদ আনন্দ সবার মনেই লাগে, কম আর বেশি। আমি ঢাকাতেই ঈদ করি। এবারো পরিবারের সঙ্গে দিনটি উদ্যাপন করবো।
আজিজুল হাকিম: আমি পরিবারের সঙ্গে ঢাকাতেই ঈদ করি। এবারো হয়তো তাই হবে।
চম্পা: ঈদ দেশে করতেই পছন্দ করি। এবারো ঢাকাতেই ঈদ করবো। ঈদে পরিবার-আত্মীয়স্বজন আসে বাসায়। আশা করছি তাদের সঙ্গে ঈদটা ভালো কাটবে।
মৌসুমী: আপনারা জানেন আমি আমার মেয়েসহ অনেকদিন ধরেই যুক্তরাষ্ট্রে রয়েছি। এবার এখানেই ঈদ করা হবে। তবে ওমর সানী ও আমার পুত্র ফারদিনকে মিস করবো। যদিও ভিডিও কলে কথা হতেই থাকে আমাদের।
আসিফ আকবর: ঢাকা ও কুমিল্লা মিলিয়ে ঈদ করা হয় আমার। এবারো হয়তো সেটাই হবে। ঈদে গান মুক্তি পাচ্ছে একাধিক। তবে ঈদে পরিবার ও বন্ধুদের সঙ্গে আড্ডা দিতেই বেশি ভালো লাগে। এভাবেই আমার ঈদ কাটে।
শাকিব খান: এবারের ঈদটি ঢাকায় করার পরিকল্পনা। তবে হঠাৎ করে দেশের বাইরেও যাওয়া হতে পারে। এবার ঈদে আমার নতুন সিমেনা ‘প্রিন্স’ মুক্তি পাচ্ছে। বরাবরই ঈদে ছবি মুক্তি পাওয়ায় আনন্দটা দ্বিগুণ মনে হয়। এবারো তাই।
ন্যান্সি: ঈদ আমার স্বামী, ভাই ও কন্যাদের সঙ্গেই করি। ঢাকাতেই করা হয় এখন ঈদ। এবারো ঢাকাতেই ঈদের পরিকল্পনা রয়েছে।
কনা: ঢাকাতেই ঈদ করি বেশির ভাগ সময়। মাঝেমধ্যে বিদেশে শো পড়ে যায়। তবে এবার সম্ভবত ঢাকাতেই ঈদ করা হবে।
সিয়াম আহমেদ: এবার ঈদে আমার সিনেমা ‘রাক্ষস’ মুক্তি পাবে। তাই আমার ঈদ কাটবে দর্শকদের সঙ্গে। বিভিন্ন হলেও যাবো ঈদের দিনগুলোতে। আশা করছি দারুণ একটি ঈদ কাটবে এবার।
বুবলী: আমার দু’টি সিনেমা মুক্তি পাচ্ছে ঈদে। দু’টি ছবি দুই রকম। তাই এবার আমার ঈদের আনন্দটাও বেশি। আশা করছি হলে দেখা হবে দর্শকদের সঙ্গে।
মেহজাবীন চৌধুরী: ঈদ ঢাকাতেই করবো। তবে ঈদের পর পরই দেশের বাইরে যাওয়ার কথা রয়েছে। এবার বাবার বাড়ি ও শ্বশুরবাড়ি দুই জায়গাতেই আমার ঈদ কাটবে ডাবল আদরে। আমার একাধিক কাজও আসছে ঈদে। সবমিলিয়ে এবারের ঈদ আমার জন্য স্পেশাল।
সালমা: আমার বাবা-মা ও কন্যার সঙ্গে ঢাকাতেই ঈদ করবো। তবে ঈদে বেশ কিছু অনুষ্ঠান রয়েছে বিভিন্ন চ্যানেলে। সেগুলোর মাধ্যমে হয়তো গানে গানে দর্শকদের সঙ্গেও ঈদটা কাটাতে পারবো।
