প্রতি বছরের মতো এবারো ঈদ আনন্দের সঙ্গে দর্শকদের জন্য বাড়তি আনন্দ নিয়ে আসছে হানিফ সংকেতের ইত্যাদি। এবার অনুষ্ঠানটি ধারণ করা হয় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের বহিরাঙ্গনে নির্মিত নান্দনিক মঞ্চে। বরাবরের মতো এবারো ইত্যাদি শুরু করা হয়েছেÑ ‘ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ’ এই গানটি দিয়ে। এবারে এই গানটি পরিবেশন করবেন ঘর থেকেও যাদের ঘর নেই। ঘরহারা এই মানুষদের সঙ্গে ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেয়ার জন্যই ঈদের গানটিতে তাদের আমন্ত্রণ জানানো হয়েছে। এই বৃদ্ধ-বৃদ্ধা ও এতিম শিশুদের সঙ্গে দর্শকের অংশগ্রহণে পুরো অনুষ্ঠানস্থল জুড়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছিল। এবারের ইত্যাদির একটি বিশেষ পর্ব হচ্ছে দেশাত্মবোধক গান। গানটিতে কণ্ঠ দিয়েছেন নন্দিত শিল্পী সাবিনা ইয়াসমিন, তার সঙ্গে রয়েছেন জনপ্রিয় ছয়জন কণ্ঠতারকা মনির খান, আগুন, রবি চৌধুরী, ফাহমিদা নবী, আঁখি আলমগীর ও প্রিয়াংকা গোপ। গানটির কথা লিখেছেন খ্যাতিমান গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান, মূল সুর আলী আকবর রুপুর, সংগীত পরিচালনায় উজ্জ্বল সিনহা। আর গানটির নির্মাণে বৈচিত্র্য আনার জন্য ছিল এস কে জাহিদের পরিচালনায় অর্ধ শতাধিক নৃত্যশিল্পীর শৈল্পিক কোরিওগ্রাফি। এবারের ঈদের ইত্যাদিতে একটি ব্যতিক্রমধর্মী গান গেয়েছেন সংগীত তারকা হাবিব ওয়াহিদ। কথা লিখেছেন এস এ হক অলিক। সুর ও সংগীত পরিচালনায় হাবিব নিজেই। ইত্যাদির দুর্দান্ত সব আয়োজনের একটি হচ্ছে দুই ভুবনের দুই জনপ্রিয় তারকার দ্বৈত সংগীত। জনপ্রিয় চলচ্চিত্র তারকা শবনম বুবলী এবং সংগীত শিল্পী ইমরান মাহমুদুল। এই গানটির মাধ্যমেই নায়িকা বুবলীর গায়িকা হিসেবে আত্মপ্রকাশ ঘটবে। কবির বকুলের কথায় গানটির সুর ও সংগীত করেছেন ইমরান। এবারো রয়েছে নৃত্যের বর্ণাঢ্য আয়োজন। নাচটিতে অংশগ্রহণ করেছেন চলচ্চিত্র তারকা তমা মির্জা ও টিভি তারকা জান্নাতুল সুমাইয়া হিমি। সঙ্গে রয়েছে একদল নৃত্যশিল্পী। নৃত্য পরিচালনায় ইভান শাহরিয়ার সোহাগ। এবারের ঈদে নানা শ্রেণি ও বিত্তের ঈদ কেনাকাটার সমস্যা নিয়ে থাকবে তিনটি মিউজিক্যাল ড্রামা। অভিনয় করেছেন অভিনয় তারকাÑ তৌসিফ মাহবুব, সারিকা সাবরিন, সজল নূর, কুসুম শিকদার, আরফান আহমেদ ও নাসির উদ্দিন খান। ইদানীংকালে আমাদের চারপাশে নানান অনিয়ম-অবিশ্বাস্য ঘটনা চোখে পড়ে। বিশ্বাসের প্রতি এই অবিশ্বাস নিয়ে নির্মিত একটি মিউজিক্যাল ড্রামায় অভিনয় করেছেন তারকা দম্পতি শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকী এবং তাদের সঙ্গে বিক্রেতা হিসেবে আছেন ইকবাল হোসেন ও শাওন মজুমদার। মিউজিক্যাল ড্রামাগুলোতে কণ্ঠ দিয়েছেন আকাশ মাহমুদ, রাজীব, পুলক অধিকারী, মৌরী, নোশিন তাবাসসুম স্মরণ ও তানজিনা রুমা। সমাজের চারিদিকে জালের মতো ছড়িয়ে থাকা মিথ্যা ও দুর্নীতির ভিড়ে লুকিয়ে থাকা নীতি নৈতিকতা ও সামাজিক অবক্ষয় নিয়ে তৈরি হয়েছে এবারের দলীয় সংগীত। অংশগ্রহণ করেছেন চিত্রনায়ক শরিফুল রাজ এবং মডেল-অভিনেত্রী সাবিলা নূর। মোহাম্মদ রফিকউজ্জামানের কথায় গানটির সংগীতায়োজন করেছেন মেহেদী। কণ্ঠ দিয়েছেন রাজীব ও তানজিনা রুমা। নৃত্য পরিচালনায় ইত্যাদির নৃত্য পরিচালক মামুন। ঈদ ইত্যাদির আরেকটি দর্শকপ্রিয় পর্ব বিদেশিদের পর্ব। নাচ-গান ও গ্রামীণ জীবনের বিভিন্ন সমস্যা নিয়ে তুখোড় অভিনয় সমৃদ্ধ এবারের পর্বের বিষয় ‘লোভী ও সুবিধাবাদী দ্বিমুখী স্বভাবের মানুষ’ নিয়ে। এবারের ঈদ ইত্যাদির দর্শকপর্বে অতিথি হিসেবে থাকছেন শক্তিমান অভিনেতা মোশাররফ করিম। ইত্যাদিতে তাৎক্ষণিকভাবে অভিনয় করেছেন দর্শকদের মধ্য থেকে নির্বাচিত চারজন দর্শকের সঙ্গে। এ ছাড়াও রয়েছে ঈদকে ঘিরে সমসাময়িক বিভিন্ন বিষয়ের ওপর ডজনখানেক নাট্যাংশ। এসব পর্বে অভিনয় করেছেন ইত্যাদির নিয়মিত অভিনয় শিল্পী ও দেশের শীর্ষস্থানীয় অভিনয় তারকারা। শিল্প নির্দেশনা করেছেন যথারীতি মুকিমুল আনোয়ার মুকিম। পরিচালকের সহকারী হিসেবে ছিলেন যথারীতি রানা সরকার ও মামুন মোহাম্মদ। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন, স্পন্সর করেছে কেয়া কসমেটিকস্ লিমিটেড। ঈদের বিশেষ ইত্যাদি বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর।
